কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ
মঙ্গলবার (১৯ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১-এর কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার জহির ইসলাম ওরফে জহির হিজড়া (৪৬) বুড়িচং উপজেলার বাসিন্দা। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির (২৯)।
র্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশির নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামালায় জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ ও আরো ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
র্যাবের সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও আসামিরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে। নিহত শিশির ও আসামিদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলাও রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।