সারা বাংলা

মমেকে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টাঢ হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৪১ শিশু মারা গেল।

বুধবার (২৭ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, “মারা যাওয়া দুই ছেলে শিশুর মধ্যে একজনের বয়স ১৭ মাস। তার বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। গত ২০ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় শিশুটির বয়স ৮ মাস। তার বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলায়। তাকে গত ১৬ মে রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।” শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৪৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৬২৩ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫৩৫ শিশু।