ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ৪৩ শিশুর মৃত্যু হলো।
শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স চার মাস। তার বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। গত ২৩ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিশুটির বয়স ৩ মাস ১৫দিন। বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তাকে গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়।” শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৭০৮ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৪৯ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।