২৮ এপ্রিল থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত পণ্য পরিবহন ব্যতীত স্থল, নৌ ও বিমানযোগে যে কোনো ব্যক্তি ভারত থেকে দেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিরা ভারতে অবস্থিত হাইকমিশনের অনুমতি কিংবা অনাপত্তিপত্র গ্রহণ সাপেক্ষে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনা সংক্রমণ রোধে চলমান চলাচলের ওপর বিধি-নিষেধ (লকডাউন) ২৮ এপ্রিল থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে নতুন এই নির্দেশনা জারি করেছে সরকার। এতে চলমান লকডাউনে যেসব বিধি-নিষেধ রয়েছে তা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারত থেকে বিশেষ বিবেচনায় সে দেশের অনুমতি নিয়ে যারা আসবেন তাদের কঠোরভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধি-নিষেধ কঠোরভাবে অনুসরণের জন্য স্বাস্থ্য বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সুরক্ষা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে।
## দোকান ও শপিংমল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত
## লকডাউন ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি