খেলাধুলা

ওয়ার্নকে নিয়ে মন্তব্যে অনুতপ্ত গাভাস্কার

শেন ওয়ার্নের মৃত্যুতে ব্যথিত সুনীল গাভাস্কার। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বকালের সেরা স্পিনার বিতর্কে মন্তব্য করে তোপের মুখে পড়েন ভারতের ব্যাটিং গ্রেট। তারপরই টনক নড়ল তার। অনুশোচনা করে বললেন, তুলনা করার জন্য এটি সঠিক সময় ছিল না।

মন্তব্যের কারণে সমালোচিত হওয়ার পর গাভাস্কার ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান, ‘আপাতদৃষ্টিতে, প্রশ্নটা করা উচিত ছিল না এবং আমারও উচিত হয়নি উত্তরটা দেওয়ার। কোনো তুলনা বা মূল্যায়ন করার জন্য এটি সঠিক সময় ছিল না।’

তিনি যোগ করেন, ‘ওয়ার্ন ছিল অন্যতম সেরা খেলোয়াড়, যে ক্রিকেটকে ভালোবাসত। রডনি মার্শও ছিলেন অন্যতম সেরা উইকেটকিপার। তাদের আত্মা শান্তি পাক।’

গাভাস্কার জানান, তাকে প্রশ্ন করায় তিনি নিজের সৎ মতামত দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘টিভিতে, আমাকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে ওয়ার্ন সেরা স্পিনার ছিলেন কি না এবং আমি আমার সৎ মতামত জানিয়েছিলাম।’

আরো পড়ুন: ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়

৭০৮ উইকেট নিয়ে টেস্টের শীর্ষ বোলারদের তালিকায় মুত্তিয়া মুরালিধরনের পরেই ওয়ার্নের স্থান। গাভাস্কার শ্রীলঙ্কান স্পিনারকেই তার চেয়ে এগিয়ে রাখেন।

ভারতীয় ব্যাটিং গ্রেট বলেছিলেন, ‘আমার কাছে, ভারতীয় স্পিনাররা ও মুত্তিয়া মুরালিধরন ওয়ার্নের চেয়ে অনেক ভালো। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ডটা একবার দেখুন। ভারতের বিপক্ষে সে খুব সাধারণ বোলার ছিল।’

নিজের মতের ব্যাখ্যা দিয়ে গাভাস্কার বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে তার খুব বেশি সাফল্য ছিল না, যারা স্পিন বোলিং খুব ভালো খেলত। আমার মনে হয় না আমি তাকে সেরা বলব। আমার মতে, ভারতের বিপক্ষে মুত্তিয়া মুরালিধরনের যে সাফল্য, তাতে করে আমার কাছে সেই এগিয়ে।’

তিনি আরো বলতে থাকলেন, ‘সে সবসময় জীবন অন্যভাবে যাপন করত, বলা যায় রাজার মতো। সম্ভবত এ কারণেই তার হার্ট চাপ নিতে পারেনি এবং এত তাড়াতাড়ি মারা গেল।’

অস্ট্রেলিয়ান স্পিনারের জীবনযাপন নিয়ে মন্তব্য করায় গাভাস্কারের ওপর চটে যান ভক্তরা।