ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৭ মার্চ ২০২২  
ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়

‘স্পিন জাদুকর’ শেন ওয়ার্নের মৃত্যুতে স্তম্ভিত ভারতের ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার। শুক্রবার থাইল্যান্ডের একটি দ্বীপের ভিলায় হার্ট অ্যাটাকে মারা যান অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট বোলার। বিশ্বের সেরা স্পিনার হিসেবে তাকে বিবেচনা করা হলেও গাভাস্কারের মত ভিন্ন। ওয়ার্ন সর্বকালের সেরা নয়, এমন মন্তব্যে তোপের মুখে তিনি।

৭০৮ উইকেট নিয়ে টেস্টের শীর্ষ বোলারদের তালিকায় মুত্তিয়া মুরালিধরনের পরেই ওয়ার্নের স্থান। গাভাস্কার শ্রীলঙ্কান স্পিনারকেই তার চেয়ে এগিয়ে রাখছেন।

আরো পড়ুন:

ভারতীয় ব্যাটিং গ্রেট বলেছেন, ‘আমার কাছে, ভারতীয় স্পিনাররা ও মুত্তিয়া মুরালিধরন ওয়ার্নের চেয়ে অনেক ভালো। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ডটা একবার দেখুন। ভারতের বিপক্ষে সে খুব সাধারণ বোলার ছিল।’

নিজের মতের ব্যাখ্যা দিয়ে গাভাস্কার বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে তার খুব বেশি সাফল্য ছিল না, যারা স্পিন বোলিং খুব ভালো খেলত। আমার মনে হয় না আমি তাকে সেরা বলব। আমার মতে, ভারতের বিপক্ষে মুত্তিয়া মুরালিধরনের যে সাফল্য, তাতে করে আমার কাছে সেই এগিয়ে।’

তিনি আরো বলতে থাকলেন, ‘সে সবসময় জীবন অন্যভাবে যাপন করত, বলা যায় রাজার মতো। সম্ভবত এ কারণেই তার হার্ট চাপ নিতে পারেনি এবং এত তাড়াতাড়ি মারা গেল।’

অস্ট্রেলিয়ান স্পিনারের জীবনযাপন নিয়ে মন্তব্য করায় গাভাস্কারের ওপর চটেছেন ভক্তরা। শুবি অরুণ নামের একজন টুইটারে লিখেছেন, ‘জাতীয় টেলিভিশনে ভারতের বিপক্ষে ওয়ার্নের বাজে বোলিং রেকর্ড নিয়ে কথা বলেছেন সুনীল গাভাস্কার। একই সঙ্গে আরো বলেছেন যে তার জীবনযাপন মানিয়ে নিতে পারেনি হার্ট। শ্রেণি ও মৌলিক মানবিকতার এত নিম্ন স্তরে যাওয়া কীভাবে সম্ভব?’

আরেকজন লিখেছেন, ‘সব ধরনের ইন্টারভিউতে গাভাস্কারকে নিষিদ্ধ করা উচিত। ওয়ার্নকে নিয়ে এমন মন্তব্য ন্যাক্বারজনক, সত্যিই খারাপ লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘ভারতের বিপক্ষে রেকর্ডের কারণে ভারতীয় স্পিনার ও মুরালিধরন ভালো ছিল, এটি বলার জন্য সুনীল গাভাস্কার শেন ওয়ার্নের মৃত্যুকে ব্যবহার করেছেন। সত্যি সানি, এটা বলার সময় এখন নয়... আপনি পাশ কাটিয়ে যেতে পারতেন। মৃতদেহ এখনো ঠাণ্ডাই হয়নি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়