পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় তিনি মেনে নিয়েছেন। তবে এই রায়ে দুঃখও পেয়েছেন। তিনি বলেন,‘কোনো অবস্থাতেই পাকিস্তানে বিদেশিদের প্রতিষ্ঠা করা সরকার সহ্য করা হবে না।’ তবে এমন কিছু ঘটলে তিনি সমর্থনের জন্য জনগণের কাছে ফিরে যাবেন।
শুক্রবার (৮ এপ্রিল) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন ইমরান। ভাষণে তিনি দেশের জন্য তার অবস্থানের বিষয়েও কথা বলেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলীর বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরেন।
পাকিস্তান কোনো দেশের সঙ্গে একতরফা সম্পর্ক চায় না উল্লেখ করে এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন কোনো জাতি নই যা যাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করা যেতে পারে।’
অনাস্থা প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ইমরান খান বলেন, তিনি কখনোই ‘আমদানি করা সরকার’ মেনে নেবেন না। আর এ জন্য তিনি জনগণের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।
ইমরান খান বলেন, ‘তারা (বিরোধীরা) নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে একত্রিত হয়েছে। যদি তারা ক্ষমতায় যাওয়ার ব্যপারে আত্মবিশ্বাসী হয় তাহলে তাদের আগাম নির্বাচনে যেতে সমস্যা কোথায়?’
প্রধানমন্ত্রী রোববার দেশবাসীকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে এশার নামাজের পর সড়কে নেমে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিদেশি অর্থায়নে পরিচালিত নাটক বন্ধে সবার অবশ্যই সড়কে নেমে আসা প্রয়োজন। কারণ পাকিস্তানের বিরুদ্ধে হওয়া বিদেশি ষড়যন্ত্র আমি কোনো অবস্থাতেই মেনে নেব না।’
এদিকে দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের উচিৎ ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ যে অভিযোগ উঠেছে অন্তত সে বিষয়ে তদন্ত শুরুর করার অদেশ দেওয়া।
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমি আদালতের আদেশকে সম্মান করি। তবে তাদের উচিৎ ছিল আমাকে দেওয়া হুমকির চিঠিটি একটি বারের জন্য হলেও দেখতে চাওয়া।
সূত্র: জিও নিউজ