সারা বাংলা

সিগন্যাল মানেননি মাইক্রোবাস চালক: দাবি গেটম্যানের

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় মাইক্রোবাস চালকের সিগন্যাল অমান্য করাকে দায়ী করেছেন রেলক্রসিং এর দায়িত্বে থাকা গেটম্যান সাদ্দাম হোসেন।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে রাইজিংবিডির প্রতিবেদককে তিনি বলেন, ‘লাল পতাকার সংকেত দিয়ে মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করি। কিন্তু মাইক্রোবাসের চালক তা অমান্য করে রেললাইনে উঠে গেলে প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।’

প্রত্যক্ষদর্শী রায়হান নামের এক যুবক বলেন, ‘মাইক্রোবাস চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যান সতর্ক অবস্থায় সব যানবাহনকে থামানোর সংকেত দেয়ার পাশাপাশি মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক সংকেত না মেনে রেললাইন ক্রস করার চেষ্টা করে, এতে দুর্ঘটনা ঘটে।’

এর আগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমান বাজারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে আসেন ১৪ জন।

ঝরনা দেখা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।’

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা: নিহতরা আরএনজে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক