খেলাধুলা

তামিম বনাম পাপন: সিদ্ধান্ত এখন কার কোর্টে?

প্রশ্নটা মোটেও প্রত্যাশিত ছিল না নাজমুল হাসান পাপনের কাছে! ‘আপনার সঙ্গে এতো ক্রিকেটারের কথা হয়, এতো ভালো সম্পর্ক। আপনার বাসায় পর্যন্ত গিয়ে তারা দেখা করে আসে। আপনি নিয়মিত ফোনে তাদের খোঁজ খবর রাখেন। তারপরও কেন ক্রিকেটাররা আপনাকে বা বোর্ডকে না জানিয়ে অবসরের সিদ্ধান্ত নেয়? মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসরের সময় একই কাজ করেছিলেন। মুশফিক টি-টোয়েন্টিতে। এবার তামিম ইকবাল। সম্পর্কে ফাটল কেন?’

অপ্রস্তুত বোর্ড প্রধানের দীর্ঘ ব্যাখ্যার সারাংশ হচ্ছে, ‘আমি আসলে নিজেও জানিনা কেন ওরা বারবার এমন করে।’ জানার জন্য বোর্ড প্রধান অনেকবারই চেষ্টা করেছেন। ক্রিকেটারদের আরও কাছে গিয়েছেন। কিন্তু এরকম ঘটনা তিনবার হলো তার দায়িত্বে থাকাকালীন।

তবে এবার, মানে তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে নাজমুল হাসান বেজায় বিরক্ত। এজন্য গণমাধ্যমে বলতে দ্বিধা করেননি, ‘আমাকে বলা হলো পরের চ্যাম্পিয়নস ট্রফি (২০২৫) তামিম খেলবো। নিজ থেকেই বলেছে। অথচ আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।’

বিরক্ত হলেও নাজমুল হাসান হাল ছাড়তে রাজী নন। তামিম এমন কিছু করতে পারেন এমন আঁচ পাওয়ার পর থেকে তাকে ফোনে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই সংযোগ করাতে পারছিলেন। তামিমের বড় ভাই নাফিস ইকবাল এখন জাতীয় দলের ম্যানেজার। নাফিসের সঙ্গেও যোগাযোগ করেন পাপন। কিন্তু সেটাও আলোর মুখ দেখেনি। পরবর্তীতে নাফিসকে বার্তা পাঠানো হয় তামিমের কাছে পৌঁছে দিতে। সেই বার্তার উত্তরের অপেক্ষা করবে বোর্ড। এমনটাই জানালেন বোর্ড প্রধান।

‘আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করবো কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না।’

কত সময় পর্যন্ত বোর্ড অপেক্ষা করবে তা জানতে চাইলে রাইজিংবিডিকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদেরকে অপেক্ষা করতেই হবে। কারণ, কেউ চায় না এমন একজন ক্রিকেটারকে হারাতে।’

কিন্তু কালই তো দ্বিতীয় ওয়ানডে। তামিমের জন্য জাতীয় দল কী অপেক্ষা করবে নাকি নিজেদের প্রস্তুতি সাজাবে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের পরিকল্পনা কী হবে? তামিম না ফিরলে কে দেবেন নেতৃত্ব। কে করবেন পরিকল্পনা?

জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের কাছে ওডিআইয়ের অধিনায়ক তামিম। এখন অব্দি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন রান করবে। আছে লিটন দাস। আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাচ্ছি ও সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। ও আমাদের কাছে পদত্যাগ করেনি তো।’

তামিমকে সময় দিয়ে তার সিদ্ধান্ত পর্যালোচনার করার অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে যতটুকু জানা গেছে, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। কাছের মানুষদের জানিয়েও দিয়েছেন, দেশের জার্সিতে আর না খেলার কথা। নিজের অবসরের সিদ্ধান্তে অটল থাকবে। যদি এমনটিই হয় তাহলে দ্বিতীয় ওয়ানডেতে লিটনই হবে বাংলাদেশের অধিনায়ক।