খেলাধুলা

বিশ্বকাপ না খেললে ‘প্ল্যান বি’ প্রস্তুত পাকিস্তানের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, ঠিক তখনই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এলে ঘরোয়া পর্যায়ে খেলোয়াড়দের ব্যস্ত ও প্রস্তুত রাখতেই এই ‘প্ল্যান বি’ সাজানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

সূত্র অনুযায়ী, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে জাতীয় দল ও পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের মিলিয়ে চারটি দল গঠন করা হবে। মূল লক্ষ্য- আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে থাকলেও ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিস ও প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখা।

এই বিকল্প ভাবনার পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বড় বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে আইসিসি। কারণ হিসেবে বলা হয়, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি এত কাছাকাছি সময়ে বদলানো সম্ভব নয়। এর জের ধরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। যা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ায়।

বাংলাদেশের এই অনুরোধের পেছনে বড় কারণ ছিল পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়েও টুর্নামেন্টে খেলতে না পারায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনার পরই পাকিস্তানের সম্ভাব্য বয়কটের গুঞ্জন ছড়ায়।

এ অবস্থায় আজই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই বৈঠকের পরই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান সমঝোতা অনুযায়ী, যেকোনো আইসিসি ইভেন্টে পাকিস্তান তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। সে অনুযায়ী, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের কথা রয়েছে।