খেলাধুলা

সেইফার্ট-ফিলিপসের ব্যাটে জয়ে শুরু নিউ জিল্যান্ডের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ এক জয় দিয়ে শুরু করল নিউ জিল্যান্ড। আজ রবিবার চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ব্লাক ক্যাপসরা।

আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে গুলবাদিন নায়েবের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে। সেটার জবাব দিতে নেমে শুরুতেই পর পর দুই বলে ফির অ্যালেন ও রাচিন রবীন্দ্রর উইকেট হারানোর ধাক্কা সামলে টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলের ব্যাটে ভর করে ৫ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা।

রান তাড়া করতে নেমে মুজিব উর রহমানের করা দ্বিতীয় ওভারে তৃতীয় ও চতুর্থ বলে ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্রর (০) উইকেট হারায় নিউ জিল্যান্ড। সেখান থেকে সেইফার্ট ও ফিলিপস দলীয় সংগ্রহকে টেনে নেন ৮৮ পর্যন্ত। এসময় ফিলিপস ফিরেন ৭টি চার ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে। ১২৪ রানের মাথায় সেইফার্টও বিদায় নেন। তিনি ৭টি চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে যান। 

এরপর নিউ জিল্যান্ডকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। ১৫৫ রানের মাথায় চ্যাপম্যান ২টি চার ও ১ ছক্কায় ২৮ রান করে ফেরার পর মিচেল অপরাজিত ২৫ ও মিচেল স্যান্টনার অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে দলজে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে আফগানিস্তানের মুজিব ৪ ওভারে ৩১ রানে ২টি উইকেট নেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নেন।