সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করে। মামলা নং-৮। 

এই মামলার প্রধান আসামি করা হয়েছে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ রানা টিপুকে। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: ধ্বংসস্তূপে পরিণত ঘটনাস্থল

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, চরবাগডাঙ্গার ফাটাপাড়ায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় এই মামলাটি করা হয়েছে। এ ঘটনায় দুই যুবক নিহত জন। আহত তিনজন পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

গত শনিবার ভোরে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়া গ্রামের মুনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় এলাকার মোয়াজ্জেমের ছেলে আল আমিন (১৮)। বিস্ফোরণে তাদের শরীর ও মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। পরবর্তীতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় নিশ্চিত করে।

বিস্ফোরণে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ (২২), মো. বজলুর রহমান (২০) এবং রানীহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। শরীরের অধিকাংশ অংশ দগ্ধ ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।