সারা বাংলা

চুল ধরে টানতে টানতে থানাহাজতে নেওয়া হলো তরুণকে

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় এক তরুণকে চুল ধরে টানতে টানতে হাজতে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির দুই পক্ষের সংঘর্ষ থানায় ছড়িয়ে পড়ার পর পুলিশের সঙ্গে সংঘাতের এই তরুণের চুল ধরে মেঝেতে টানতে টানতে হাজতে নেওয়া হয়।

এদিন দুপুরে কালীগঞ্জে গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করা রাশেদ খানের অফিসে এক সভাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ হয়। রাশেদের অফিস থানার ঠিক সামনে।

সংঘর্ষের মধ্যে একপক্ষের লোকজন থানায় ঢুকে পড়ে। পুলিশ তাদের বাধা দিলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

তখন উলাদ হোসেন নামে এক তরুণকে আটক করে পুলিশ। থানার মেঝেতে পড়ে যাওয়া উলাদকে চুল ধরে টানতে টানতে হাজতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও রাইজিংবিডি ডটকমের হাতে রয়েছে।

উলাদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। 

পুলিশের দাবি, সংঘর্ষের মধ্যে বিএনপির একপক্ষের লোকজন থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহত একজন পুলিশ সদস্যকে কোলে করে থানার ভেতর নিয়ে যেতে দেখা যায়। 

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ, কনস্টেবল পিকুল ও সেলিম আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, “এ ঘটনায় এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলার নির্দেশনা দেয়নি। উলাদ হোসেন থানাহাজতে আছেন।”

আরো পড়ুন: রাশেদ খানের সামনে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৮