সারা বাংলা

পীর হত্যা: বিচার দাবিতে ভক্তদের বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভক্ত ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে অবস্থিত নিহত শামীমের দরবারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

আরো পড়ুন: পীর হত্যা: জেলা শিবিরের সাবেক সভাপতিকে আসামি করে মামলা

নিহতের ভক্ত ও স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকে ভক্তদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা হত্যাকাণ্ডটিকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেন।

মানববন্ধন শেষে দরবার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দারোগার মোড় ও ইসলামপুর জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবারের সামনে গিয়ে শেষ হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “মঙ্গলবার বিকেলে শামীমের ভক্ত ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।” 

সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরো ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় নিহতের অপর দুই ভাই গোলাম রহমান ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পুরাতন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও দরবার প্রধান আব্দুর রহমান শামীমকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ লোকজন। এরপর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি করছে।