সারা বাংলা

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল

রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বুধবার (২২ এপ্রিল) দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। ফলে নগরীর শিরোইল এলাকায় অবস্থিত বাস কাউন্টারগুলোতে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা।

এর আগে, মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী ও নাটোর জেলার মালিক ও শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে, রাজশাহী থেকে বিভিন্ন উপজেলা এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।

রাজশাহী নগরীর শিরোইল ও ভদ্রা এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। ঢাকায় যেতে ইচ্ছুক অনেক যাত্রীকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

শফিকুল আজিম নামে এক যাত্রী বলেন, ‍“মঙ্গলবার ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ বুধবার বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট শিশু নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে কাউন্টারগুলো বলতে পারছে না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর।”

আরো পড়ুন: রাজশাহীতে দূরপাল্লার বাস বন্ধ

রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ঢাকায় জরুরি কাজে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। এসে দেখি কোনো বাস চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।”

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, “ছোট সন্তানকে নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কেউ কিছু পরিষ্কার করে বলছেন না। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।”

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “আজ দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দুই জেলার নেতাদের নিয়ে বসার কথা আছে। নাটোরের নেতারা আসলে এই বৈঠক হবে। আমরা চাই এই সমস্যা সমাধান হোক।”