ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে দূরপাল্লার বাস বন্ধ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২১ এপ্রিল ২০২৬  
রাজশাহীতে দূরপাল্লার বাস বন্ধ

রাজশাহী থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। নাটোরের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ হয়েছে। কখন বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন ‘আদনান পরিবহন’-এর বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন। রাজশাহীর মালিকরা গাড়ি চালাতে পারছেন না। 

নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগ করে বলছেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। 

তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানিয়েছেন, রাজশাহীর একটি বাস প্রায় ৪৫ দিন বন্ধ থাকার পর ট্রিপে পাঠানো হয়। বাসটি আট দিন রাজশাহী-রংপুর রুটে চলাচল করে। কিন্তু, একই সময়ে অন্য বাস চললে যাত্রী সংকট দেখা দেয়। এ অবস্থায় নাটোরের আদনান পরিবহনের বাস নিয়ম ভেঙে চলাচল করায় সমস্যা আরো বেড়েছে। নিষেধ করা হলেও তারা তা মানছে না। তাদের বক্তব্য, বাস এভাবেই চলবে, না হলে তারা রাজশাহীর বাস চলতে দেবে না। সকালে তারাই নাটোরে রাজশাহীর বাস আটকে দেয়।

তিনি আরো জানান, সকালে রাজশাহীতে যেসব বাস ঢুকেছিল, সেগুলো বের করে দেওয়া হয়েছে। নাটোর থেকে রাজশাহীর বাস ছাড়তে দেওয়া হয়নি। ঢাকাগামী বাসের কাউন্টারও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে রাজশাহী থেকেও ঢাকার বাস ছাড়তে পারছে না।

নাটোরে বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। 

তিনি জানান, তারা কোনো বাস আটকাননি। বরং, সকালে রাজশাহীতেই তাদের সাত-আটটি বাস আটকে দেওয়া হয়েছে। এর পর রাজশাহী থেকেই বাস ছাড়া হচ্ছে না।

তিনি বলেন, “আগের দিন একটি বিষয় নিয়ে দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হলেও তা সমাধান করা হয়েছিল। কিন্তু, ছোট জেলা হওয়ায় রাজশাহী তাদের গুরুত্ব দিতে চায় না এবং নিজেদের মতো চলতে চায়। এর ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” 

সমস্যা কবে সমাধান হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি।

ঢাকা/মাহী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়