অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
রবিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরো পড়ুন: নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
পোস্টে নাসিরুদ্দীন পাটোয়ারী লেখেন, “ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি, ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।”
গত রবিবার সকালে বিএনপির রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেন। এ ঘটনায় আশরাফুল ইসলামকে রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে শোকজ করা হয়।
রিজভীর সই করা চিঠিতে বলা হয়, “আজ ৮ মার্চ ২০২৬ রবিবার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।”
আশরাফুল ইসলামের করা মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন।
এ ছাড়া নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে আরো মিথ্যা ও মানহানিকর বক্তব্য এবং হুমকি প্রদান করে আসছেন বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।