নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে দলটি।
রবিবার (৮ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, “আজ ৮ মার্চ ২০২৬ রবিবার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।”
এর আগে রবিবার সকালে বিএনপির রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন।
এ ছাড়া নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে আরো মিথ্যা ও মানহানিকর বক্তব্য এবং হুমকি প্রদান করে আসছেন বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
ঢাকা/আলী/রাসেল