খাগড়াছড়িতে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালী চৌমুহনী এলাকায় বেইলি ব্রীজের পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক মাঝপথে আটকে পড়েছে। এতে সড়কটিতে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
বোয়ালখালী চৌমুহনী এলাকার স্থানীয় বাসিন্দা মো. রাশেদুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক জানান, বুধবার (২৯ এপ্রিল) রাতে পাথরবোঝাই ট্রাক ব্রীজ অতিক্রম করার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রীজের মাঝখানে আটকে যায় এবং তাৎক্ষণিকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পর থেকেই দীঘিনালা থেকে লংগদুগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। তবে বিকল্প সড়কে ব্যাটারিচালিত টমটম, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুজ জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিতে পুরো দিন সময় লাগতে পারে। পাশাপাশি দ্রুত ব্রীজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
ঢাকা/রূপায়ন//