ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিরোপার দ্বারপ্রান্তে রোনালদো, বিশ্বকাপের আগে ইতিহাস গড়ার হাতছানি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১৭, ৩০ এপ্রিল ২০২৬
শিরোপার দ্বারপ্রান্তে রোনালদো, বিশ্বকাপের আগে ইতিহাস গড়ার হাতছানি

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪২ দিন। ফুটবল বিশ্বের নজর ধীরে ধীরে ঘুরছে সেই মহারণের দিকে। তবে এর আগেই নিজের ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মাটিতে তার ক্লাব আল-নাসর এখন দাঁড়িয়ে আছে বহু প্রতীক্ষিত লিগ শিরোপা জয়ের একেবারে কাছাকাছি।

সৌদি প্রো লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আল-নাসর। এই জয়ে রোনালদোর পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন কিংসলে কোমান। পুরো মৌসুম জুড়ে দারুণ ধারাবাহিকতা ধরে রাখা দলটি এখন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে।

আরো পড়ুন:

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল-নাসর দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে। যদিও তাদের প্রতিদ্বন্দ্বীর হাতে এখনো একটি ম্যাচ বেশি রয়েছে। তবুও হিসাবটা পরিষ্কার- নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারলেই শিরোপা আর হাতছাড়া হবে না।

রোনালদোর জন্য এই সম্ভাব্য শিরোপার গুরুত্ব আলাদা মাত্রার। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে ইতিমধ্যেই সাফল্যের শিখরে ওঠা এই তারকা ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবে পা রাখার পর থেকে একটি লিগ শিরোপার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা প্রবল। এই ট্রফি শুধু আরেকটি অর্জন নয়, বরং নতুন পরিবেশে নিজের আধিপত্য প্রতিষ্ঠার আরেকটি প্রমাণ।

তার আগমন শুধু একটি ক্লাব নয়, পুরো লিগের চিত্রই বদলে দিয়েছে। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সৌদি প্রো লিগ, বেড়েছে প্রতিযোগিতার মান এবং আন্তর্জাতিক আগ্রহ। ফলে সম্ভাব্য এই শিরোপা রোনালদোর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি লিগের পরিবর্তনের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে বিশ্বকাপের আগে এই ছন্দ রোনালদোর জন্য বাড়তি আত্মবিশ্বাসের উৎস হতে পারে। জাতীয় দলের জার্সিতে এখনও সবচেয়ে বড় স্বপ্ন পূরণ বাকি, বিশ্বকাপ জয়। আর যদি সেই মঞ্চে ওঠার আগে তিনি লিগ চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামেন, তাহলে সেটি তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি শক্তিশালী বার্তা হয়ে উঠবে। বয়স বাড়লেও প্রতিযোগিতার শীর্ষে থাকার ক্ষমতা তার এখনো অটুট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়