ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রমিক কল্যাণে কার্ড নয়, দরকার বাস্তব সুফল: মান্না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ এপ্রিল ২০২৬  
শ্রমিক কল্যাণে কার্ড নয়, দরকার বাস্তব সুফল: মান্না

মাহমুদুর রহমান মান্না।

ফ্যামিলি কার্ড ও শ্রমিক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা উদ্যোগ প্রকৃতপক্ষে শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জীবনে কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “শ্রমিক কল্যাণে কার্ড নয়, দরকার বাস্তব সুফল।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

আরো পড়ুন:

মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশে ফ্যামিলি কার্ড ও শ্রমিক কার্ড নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু এগুলো সত্যিকার অর্থে মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করছে কিনা, সেটাই বড় প্রশ্ন।”

তিনি অভিযোগ করেন, “সরকারের নিজস্ব তথ্য অনুযায়ীও উল্লেখযোগ্য সংখ্যক অযোগ্য ব্যক্তি এসব কার্ডের সুবিধা পাচ্ছেন।”

তিনি আরো বলেন, “কেবল কার্ড বিতরণের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাদের জন্য প্রয়োজন টেকসই কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সরাসরি আর্থিক ও সামাজিক সুবিধা। কার্ডের রাজনীতি দিয়ে হবে না, মানুষের জন্য দৃশ্যমান ও কার্যকর সুফল নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে ‘বাংলাদেশে শ্রমিক অধিকার পরিস্থিতি: চ্যালেঞ্জ, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক মানপত্র উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

তিনি জানান, ২০২৫ সালে ২৬০টি ঘটনায় ৯৬ জন শ্রমিক নিহত, ১,০২১ জন আহত এবং ১৬৮ জন কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেন।

২০২৬ সালের প্রথম তিন মাসেই ১৩৯টি ঘটনায় ৩০ জন শ্রমিক নিহত এবং ৫৭৩ জন আহত হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “পরিস্থিতি একটি ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে, যা শ্রমিক নিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগের কারণ।”

পরিস্থিতি উন্নয়নে শ্রম আইন বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন, নারী শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেন তিনি। পাশাপাশি মালিকপক্ষকে সময়মতো বেতন প্রদান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় মানবাধিকার কর্মী নুর খান শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, “দেশের প্রতিটি আন্দোলনে শ্রমিকদের অবদান থাকলেও তাদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।”

সভায় আরো বক্তব্য দেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শাহ মো. আবু জাফর, রাবিতা ইসলামসহ বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের নেতারা।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়