একাধিকবার গর্ভপাত: ফের মা হতে যাওয়ার খবর দিলেন অভিনেত্রী
সম্ভাবনা শেঠ
একাধিকবার গর্ভপাতের মা হতে যাওয়ার খবর জানালেন বলিউড অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী।
৪৫ বছর বয়সি সম্ভাবনা শেঠ তার স্বামী অবিনাশের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, সম্ভাবনা ও তার স্বামী একটি সংবাদপত্র ধরে আছেন। সংবাদপত্রে লেখা আছে—“স্যাম অ্যাভি’স বেবি। ব্রেকিং নিউজ। কামিং সুন। উই আর প্রেগন্যান্ট।” তাছাড়া আরো দুটো ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা যায়, শিশুর জুতা। তৃতীয় ছবিতে একটি কুকুর দেখা যাচ্ছে। তার সঙ্গে আলট্রাসনোগ্রাফির ছবিও রাখা আছে।
এসব ছবির ক্যাপশনে সম্ভাবনা লেখেছেন—“আমরা অন্তঃসত্ত্বা। ভালোবাসা, আশা এবং সারোগেসির মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি এখন বাস্তবায়নের পথে। দিন গণনা শুরু।” এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন সম্ভাবনা। বলিউড তারকাদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন—গওহর খান, ভারতী সিং, দীপিকা, রেশমি দেশাই, সুনীতা আহুজা, বিক্রম সিং চৌহান, নিকিতা প্রমুখ।
আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণ ও গর্ভপাত নিয়ে তিক্ত অভিজ্ঞতা এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন সম্ভাবনা। এ অভিনেত্রী বলেছিলেন, “আমার একাধিকবার গর্ভপাত হয়েছে। সাতবার আইভিএফ-এর মাধ্যমে মা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিয়ের আগে আমি আমার ডিম্বাণু সংরক্ষণও করেছিলাম। এ জন্য ১.৫ লাখ রুপি খরচ করেছিলাম। কিন্তু ঈশ্বরের ইচ্ছের উপরে তো আর কিছু হয় না।”
২০১৬ সালে বিয়ে করেন সম্ভাবনা ও অবিনাশ দ্বিবেদী। ২০২৪ সালে আইভিএফের মাধ্যমে অন্তঃসত্ত্বা হন সম্ভাবনা। দুর্ভাগ্যবশত ৩ মাস পরে তার গর্ভপাত হয়। সেই সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। বিয়ের ১০ বছর পর ফের মা হতে যাওয়ার স্বপ্নে বিভোর সম্ভাবনা-অবিনাশ দম্পতি।
ঢাকা/শান্ত