বক্স অফিসে ভারতীয় দক্ষিণী সিনেমার শীর্ষে ‘পেদ্দি’
‘পেদ্দি’ সিনেমার দৃশ্যে রাম চরণ
রাম চরণ অভিনীত ‘পেদ্দি’ সিনেমা দ্বিতীয় সপ্তাহে পা রাখার পর বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি। আনুষ্ঠানিক ঘোষণায় সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের দক্ষিণী সিনেমার তালিকায় আয়ের দিক থেকে ‘পেদ্দি’ এখন শীর্ষে।
প্রযোজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিচালক বুচি বাবু সানা পরিচালিত স্পোর্টস-ড্রামা ঘরানার ‘পেদ্দি’ সিনেমা মাত্র নয় দিনে বিশ্বব্যাপী ৩৬৬ কোটি রুপি আয় করেছে। ছাব্বিশে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয়কারী ভারতের দক্ষিণী সিনেমার তালিকায় এক নম্বরে রয়েছে ‘পেদ্দি’।
আইএমডিবির তথ্য অনুযায়ী, ছাব্বিশে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয়কারী ভারতের দক্ষিণী সিনেমার তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে—‘কারুপ্পু’ (৩০৪ কোটি রুপি), ‘মানা শঙ্করাবারাপ্রসাদ গুরু’ (৩০১ কোটি রুপি)।
‘পেদ্দি’ সিনেমার রিভিউ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, “দৃশ্যগত দিক থেকে ‘পেদ্দি’ মুগ্ধতা ছড়ায়। আর. রত্নাভেলুর সিনেমাটোগ্রাফি সিনেমাটিকে স্বতন্ত্র পরিচয় করিয়ে দিয়েছে। কুস্তির ময়দানের শক্তি, গুড়ের কলের পরিবেশ, গ্রামের ধুলোমাখা রাস্তা কিংবা রাতের দৃশ্যে অন্ধকারের ব্যবহার—সবকিছুই সিনেমাটির আবেগঘন ভিত্তিকে দৃঢ় করেছে। গ্রামটিকে কখনো শুটিংয়ের জন্য সাজানো সেট বলে মনে হয়নি, যা করতে অনেক প্যান-ইন্ডিয়ান সিনেমা ব্যর্থ হয়।”
স্পোর্টস-ড্রামা ঘরানার ‘পেদ্দি’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৪ জুন বিশ্বের ৩ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় এটি।
‘পেদ্দি’ সিনেমায় ‘আচিয়ামা’ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। চরিত্রটি কীভাবে লেখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন দর্শক এবং নারী অধিকারকর্মী সংগঠনগুলো। বিশেষ করে চলচ্চিত্রটির রোমান্স ট্র্যাককে ঘিরে সমালোচনা শুরু হয়। পরে জাহ্নবী কাপুরের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর বিতর্ক আরো মাথাচাড়া দেয়। পরে বিতর্কের মুখে প্রকাশ্যে ক্ষমা চান পরিচালক বুচি বাবু সানা। পাশাপাশি সংশ্লিষ্ট দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে মুছে ফেলেন।
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। ভেঙ্কটা সতীশ কিলারু প্রযোজিত এ সিনেমার সংগীতায়োজন করেছেন এ আর রহমান।
ঢাকা/শান্ত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩