ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৪ জুন ২০২৬  
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী প্রজন্মকে সুন্দর এবং বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীত প্রজন্ম ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হলো, যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া।

আমরা যে যে-ই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক আমাদের মূল ভাবনা। আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে- বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। 

এ বছর সম্মাননা পেয়েছেন ছড়াকার, মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বদরুল হুদা জেনু।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস। শুভেচ্ছা বক্তব্য দেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ প্রমুখ। 

ঢাকা/রুবেল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়