ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৫ মে ২০২৬  
এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, “দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। কৃষিজমি ও জলাশয়সহ প্রতিটি সম্পদকে উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো হবে।”

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।”

তিনি জানান, কলেজের জলাশয়ে হালদা নদী থেকে সংগ্রহ করা উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এসব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তারা মাছ চাষ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। উন্মুক্ত জলাশয়ে ব্যাপকহারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে দেশীয় মাছের প্রাপ্যতা আরো বাড়বে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়