ঈদে পশুর হাটে র্যাবের কঠোর নিরাপত্তা: জাল টাকা রোধ ও ক্যাশলেস লেনদেনে জোর
পশুর হাটে র্যাব সদস্যরা (ফাইল ফটো)
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ নজরদারি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন এবং হাটগুলোতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করেছে।
রবিবার (২৪ মে) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খামারি ও ব্যবসায়ীরা যাতে নিরাপদে গবাদি পশু হাটে নিয়ে আসতে পারেন, তা নিশ্চিত করতে র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট।
র্যাব জানায়, ঈদের ছুটিতে রাজধানীসহ বিভিন্ন শহরের জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু বিক্রির টাকা ছিনতাই বা মলম পার্টির মতো অপরাধের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় র্যাবের নিরাপত্তা চৌকি ও নিয়মিত টহল সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি ও হয়রানি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও জাল টাকা প্রতিরোধ
হাটে বড় অঙ্কের নগদ লেনদেনের ঝুঁকি এড়াতে ক্রেতা-বিক্রেতাদের ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করছে র্যাব। এছাড়া, হাটে জাল টাকার সরবরাহ প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
র্যাব আরো জানিয়েছে, কোনো চক্র যেন কোরবানির পশুবাহী যানবাহন জোর করে নির্দিষ্ট কোনো হাটে নিতে বাধ্য করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বের বছরগুলোর মতো এবারও দেশের মানুষ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদের উদযাপন করবেন বলে আশা প্রকাশ করেছে র্যাব। এ লক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
ঢাকা/এমআর/রফিক
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান