ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মিরাজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৪ জুন ২০২৬   আপডেট: ১২:১০, ১৪ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মিরাজ

ব্যাটিং করছেন সৌম্য সরকার

প্রথমবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে দাপটের সঙ্গে জিতে বাংলাদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে সিরিজ। এখন অতিথিদের হোয়াইটওয়াশের পালা।

আরো পড়ুন:

আগের দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ টস জিতলেও আজ টস ভাগ্য বাংলাদেশের পক্ষে। তবে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ একাদশে নেই। মাথায় আঘাত পাওয়া মিরাজকে বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করছেন। টস জিতে নাজমুল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। আঘাত গুরুতর ছিল। মাঠে মিরাজকে বমি করতেও দেখা যায়। কিছুটা চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। জয়সূচক রান ছক্কায় আদায় করে মাঠ ছাড়েন। এরপর দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। পুরস্কার বিতরণীতে ছিলেন না। এরপর দুই দফা স্ক্যান করানোর পর বাসায় ফেরেন তিনি। দলের চিকিৎসকের পরামর্শে আজ তাকে বিশ্রামে রাখা হয়েছে।

মিরাজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মাহেদী। পেসার নাহিদ রানাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় খেলছেন শরিফুল ইসলাম। হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াও দুইটি পরিবর্তন এনেছে। বেন ডারউইস ও ওলি পিকেকে দলে নিয়েছে।  

ব্যাটিংয়ে নেমে এরই মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। ৪ বলে ২ রান করে সৌম্য ফেরেন ইনিংসের শুরুতে। এরপর তানজিদ আউট হন ১৯ রানে। ১১ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের রান ৫৬।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ: কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, অ্যাডাম জাম্পা, বেন ডারউশ এব ওলি পিকে।

ঢাকা/ইয়াসিন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়