ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবি
পর্যটন নগরী রাঙামাটিতে ছড়াচ্ছে ময়লার দুর্গন্ধ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত তিনদিন ধরে রাঙামাটি পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বন্ধ রয়েছে। এতে জেলার যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। ধীরে ধীরে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে দেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি।
জানা গেছে, শহরের প্রবেশমুখ ভেদভেদি রেডিও স্টেশন এলাকার পাশে অবস্থিত ডাম্পিং স্টেশনটি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে বহুদিন ধরে এটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এর আগে অন্তত দুইবার মানববন্ধন করেছেন তারা।
তবে দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এবার কঠোর অবস্থান নিয়েছেন। তারা ডাম্পিং স্টেশনে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছেন এবং বাঁশ দিয়ে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন, যাতে কোনোভাবেই ময়লার গাড়ি প্রবেশ করতে না পারে।
এলাকাবাসীর ভাষ্য, আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই আমরা এই পদক্ষেপ নিয়েছি। বর্তমানে এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে। প্রশাসন সময় চেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী।
এলাকার বাসিন্দা সুরত আলী বলেন, ‘‘ডাম্পিং স্টেশন এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে এমন আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না। এলাকায় যারা বসবাস করছেন, তারা বাসাবাড়িতে দুর্গন্ধের জন্য থাকতে পারেন না। সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবার আমরা আর কোনও কথা শুনবো না, এবার ডাম্পিং স্টেশন সরিয়ে নিতে হবে।’’
এদিকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে না পারায় শহরে ময়লা জমে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড় মাঝারি ও ছোট প্রায় সব ডাস্টবিনই উপচে পড়ছে ময়লায়। কোথাও কোথাও ডাস্টবিনের বাইরেও ছড়িয়ে আছে আবর্জনার স্তূপ। খাবারের সন্ধানে কুকুর এসব ময়লা টেনে এনে সড়কে ছড়িয়ে দিচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এদিকে ময়লা ফেলতে না পারায় রাঙামাটি পৌরসভার গাড়িগুলো ময়লা সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে নিতে না পেরে পৌরসভা প্রাঙ্গণেই জমা করে রাখছে। এতে করে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, ‘‘আমরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করছি। এতে সম্মানিত পৌরবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হবে।’’
এদিকে দ্রুত সমাধান না হলে জনস্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন সচেতন মহল। পর্যটননির্ভর এই শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/শংকর//