ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় ব্যবসায়ী হত্যা: ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩০ এপ্রিল ২০২৬  
নেত্রকোণায় ব্যবসায়ী হত্যা: ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় একমাত্র আসামি রতন মিয়াকে (৫৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরীর আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত রতন মিয়া নেত্রকোনা পৌর শহরের বর্শিকুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম রায়ের তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, নেত্রকোণা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় ভাড়া বাসায় থেকে কসমেটিক ব্যবসা করতেন বাবুল মিয়া ওরফে শাহীন (৪০)। তার স্ত্রী সেলিনা আক্তার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন এবং একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করতো। এ সময় বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশী রতন মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে রতন মিয়া কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের দাসপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়।

পর দিন স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে নিহতের ছোট ভাই শামীম মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন আনিসুর রহমান।

ঢাকা/ইবাদ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়