ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রায়গঞ্জে অটোরিকশার চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৩০ এপ্রিল ২০২৬  
রায়গঞ্জে অটোরিকশার চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের মামলায় শামীম উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার শামীম উদ্দিন তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নিহত অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাতেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। তবে, নাঈমকে পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার খৈচালা বিলের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বুধবার সন্ধ্যায় নাঈমকে দাফন করেন স্বজনরা। নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেছেন, “ঘটনার পরপরই ছিনতাই করা অটোরিকশা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার এবং অটোরিকশা হেফাজতে রাখার অভিযোগে শামীমকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/রাসেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়