ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, মামলা না নেওয়ায় সংসদে প্রশ্ন নাহিদের
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দাবি করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
নাহিদ ইসলাম বলেন, “রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে ছাত্রদলের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করা হয়নি।”
তিনি আরো বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতরে প্রবেশ করে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধির ওপরও হামলা করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, বলেও মন্তব্য করেন তিনি।
গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানার ভেতরে বিনা উস্কানিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সেদিন সন্ধ্যায় থানা চত্বরে এ হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন, যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।
অভিযোগ রয়েছে, হামলার সময় শাহবাগ থানা পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ ঘটনায় ছাত্রদলের ১২ জনকে আসামি করে মামলা দায়েরের চেষ্টা করা হয়েছে, কিন্তু ছয় দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি।
ঢাকা/সৌরভ/জান্নাত