নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কে এম আলী নেওয়াজের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার তাদের নির্বাচিত ঘোষণা করা হয় এবং পর দিন গেজেট প্রকাশ করা হলো।
এখন এসব সংরক্ষিত নারী সদস্যের শপথ আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে ৫০টি আসনের বিপরীতে ৪৯ জন প্রার্থী এককভাবে মনোনয়ন দাখিল করায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাকি একটি আসনের বিষয়ে এখনো নিষ্পত্তির অপেক্ষা রয়েছে।
জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শারমিন প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। এছাড়া এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র আদালতের নির্দেশে গ্রহণ করেছে ইসি।তার মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২ মে।
ঢাকা/এমএসবি/বকুল