চট্টগ্রামে টানা বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে দুই দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে পতেঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট, কাতালগঞ্জসহ বেশ কিছু এলাকায় সড়কে পানি উঠে পড়েছে। এর ফলে যান চলাচলে ধীরগতি তৈরি হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বাড়ায় চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, দুপুরে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় তিনি বলেন, খালগুলোর রিটেইনিং ওয়াল নির্মাণকাজের কারণে কিছু জায়গায় পানি আটকে ছিল। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বাঁধ খুলে দেওয়ার পর পানি নামতে শুরু করেছে।
নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, কাজগুলো অন্য সংস্থা করলেও নগরবাসীর কাছে দায়বদ্ধতা রয়েছে সিটি কর্পোরেশনের।
ঢাকা/রেজাউল/রাজীব
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী