টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে বড় ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইতে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৯৩ রানের ব্যবধানে জয় পেয়েছে মার্কিন ক্রিকেটাররা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের তৃতীয় জয়। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা পাকিস্তান ও কানাডাকে হারিয়েছিল। এবার হারাল ডাচদের।
যুক্তরাষ্ট্র টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রান তোলে। জবাব দিতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। মূলত যুক্তরাষ্ট্রের বোলিং তোপের চেয়ে ব্যাটিং ব্যর্থতায় হার মেনেছে ডাচরা। তাদের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে বাস ডি লিট সর্বোচ্চ ২৩ রান করেন। ২০ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। এছাড়া ম্যাক্স ও’দৌড ১৩ ও রোলফ ফন ডের মারউয়ি করেন ১০ রান।
বল হাতে যুক্তরাষ্ট্রের হারমিত সিং ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। শাডলে ফন স্কালকাওয়েক ২.৫ ওভারে ২১ রানে নেন ৩টি উইকেট। মোহাম্মদ মহসীন ৩ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট।
তার আগে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করেন। তাদের ব্যাটে ভর করেই প্রায় দুইশ রানের সংগ্রহ পায় তারা। ওয়ান ডাউনে নামা সাইতেজা মুক্কামাল্লা ৫১ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেন। মিডল অর্ডারে শুভাম রঞ্জন ২৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৯৬ পর্যন্ত নিয়ে যান।
তাদের আগে দুই উদ্বোধনী ব্যাটার মোনাঙ্ক প্যাটেল ৩ চার ও ১ ছক্কায় ৩৬ ও শায়ান জাহাঙ্গীর ১ চার ও ২ ছক্কায় ২০ রান করে অবদান রাখেন।
বল হাতে নেদারল্যান্ডসের বাস ডি লিড ৪ ওভারে ৩৭ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন লোগান ফন বিক, কাইল ক্লেইন ও ফ্রেড ক্লাসেন।
যুক্তরাষ্ট্রের এই জয়ে অবশ্য সুবিধা হয়েছে ভারত ও পাকিস্তানের। তাদের পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল।