সারা বাংলা

ভেসে উঠলেন ৮ যাত্রী ও কতগুলো ব্যাগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে ডুবে যাওয়ার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ডুবে যাওয়ার ৫ সেকেন্ড পর থেকে প্রায় দেড় মিনিটের মধ্যে বাসটির যাত্রীদের মাত্র ৮ জন ভেসে উঠতে সক্ষম হন। বাকিদের আর দেখা যায়নি। শুধু ডুবে যাওয়া স্থানে কয়েক মিনিট ধরে বুদবুদ উঠতে দেখা যায়।

সেই বুদবুদের দৃশ্য ছিল আরো মর্মান্তিক। একের পর ভেসে উঠতে থাকে বাসে থাকা যাত্রীদের ব্যাগ। কয়েক মিনিট ধরে ব্যাগ উঠতে দেখা গেলেও আর কোনো মানুষকে ভেসে উঠতে দেখা যায়নি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে বাসটি ফেরিতে উঠতে গিয়ে উল্টে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা দেখে হতবাক হয়ে যান।

অনেকে ভেসে উঠা যাত্রীদের ওপরে তুলে আনতে নদীতে ঝাঁপ দেন। অনেকে গামছা ও দড়ি ফেলে ভেসে উঠা যাত্রীদের তুলে আনেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “ঢাকাগামী বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।”

আরো পড়ুন

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস, অনেকের হতাহতের শঙ্কা

বাসে ছিলেন ৪০ জন যাত্রী, ঘটনাস্থলে উদ্ধারকারী ‘হামজা’