গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, জামায়াত নেতা গ্রেপ্তার
এর আগে, শনিবার রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহারভুক্ত প্রধান আসামি যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫) এবং মামলার ৪ নম্বর আসামি গোলজার রহমান (৩৪)। পলাশ পৌর শহরের বৈরী হরিণবাড়ি গ্রামের মধু মিয়ার ছেলে। গোলজার পৌর যুব জামায়াতের সাবেক সেক্রেটারি।
আরো পড়ুন: গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, গ্রেপ্তার ১
গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় একটি দোকান ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে জামায়াতের যুব শাখার নেতাকর্মীদের সঙ্গে ওসির বাকবিতণ্ডা হয়। এরপর হামলার ঘটনা ঘটে। এতে ওসিসহ পুলিশের আট সদস্য আহত হন।
এ ঘটনায় পরদিন পলাশবাড়ী থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। সেই মামলার প্রথম দিনেই তৌহিদুল ইসলাম কানন নামে যুব জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বলেন, “রবিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”