থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, জামায়াত নেতা গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মিজানুর রহমান মিজান।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে দায়ের হওয়া মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান। এর আগে, ভোররাতে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মিজানুর রহমান মিজান উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি। তিনি গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে জামায়াত নেতা মাহমুদ হাসান পলাশের নেতৃত্বে একদল নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় আসেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন। এ সময় ওসির সঙ্গে নেতাকর্মীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেন। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১-১২ জনকে আসামি করে মামলা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বলেন, “প্রধান আসামি উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদ হাসান পলাশ ও মিজান সেদিন একসঙ্গে ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন যুব জামায়াত নেতা তৌহিদুল ইসলাম কানন। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
ঢাকা/মাসুম/রাজীব