শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাতে অগ্নিসংযোগের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবর।
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করছেন। এরপর দৌড়ে পালিয় যান তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির।
তিনি বলেছেন, “অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। তাই শুধু স্তম্ভে অগ্নিসংযোগ না, তারা আরো অনেক কিছু করবে—যতদিন না পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হবে।”
ইমরান আল নাজির বলেন, “আমরা চাই, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে মনে হয় না, এটা আজকের ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/আকাশ/রাজীব