কালাকচুয়ার পর কালীহাতীতে শেষ পাঁচজন, এবার ট্রেনে কাটা পড়ে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার কালাকচুয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার একদিন পার হতে না হতেই এবার টাঙ্গাইলের কালিহাতীতে শেষ হলো আরো পাঁচটি প্রাণ।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এই পাঁচজন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুজন নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।
কুমিল্লার কালাকচুয়ায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বাসের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন, যাদের মধ্যে চারজন একই পরিবারের। শুক্রবার লক্ষ্মীপুরে এই চারজনের দাফন হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক