জ্বালানি তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি বাড়িয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুবিল্লাহ আকন।
মো.মুবিল্লাহ আকন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে দেখা যায়, দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করে রাখা হয়েছে। অতিরিক্ত এলপিজি গ্যাস ও তেল জব্দ করে ফায়ার সার্ভিসের জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/আজিজ/রফিক