এবার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে কলঙ্কিত করার চেষ্টা করছে ইসরায়েল
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার নেতৃত্ব দিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভ্যান্সকে কলঙ্কিত করার চেষ্টা করছে ইসরায়েল। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুরু থেকেই ইরানে মার্কিন হামলার বিপক্ষে ছিলেন। ট্রাম্পের চাপে যুদ্ধে সায় দিলেও তিনি ব্যাপক আকারে হামলা চালিয়ে যুদ্ধ দ্রুত শেষ করার পক্ষে অবস্থান নেন। তবে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে যুদ্ধকে দীর্ঘয়িত করছেন। ইরানে হামলার পর থেকে ভ্যান্স নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। যুদ্ধের বিষয়ে তাকে কখনো প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি।
ভ্যান্সের উপদেষ্টারা মনে করেন, ইসরায়েলের কেউ কেউ ভাইস প্রেসিডেন্টকে দুর্বল করার চেষ্টা করছে, সম্ভবত কারণ তারা তাকে যথেষ্ট যুদ্ধবাজ মনে করে না।
প্রশাসনের কর্মকর্তারা সন্দেহ করছেন, বিদেশি এজেন্টরা খবর ছড়াচ্ছে যে ইরান ভ্যান্সের সাথে আলোচনা করতে চায়।
ভ্যান্সের উপদেষ্টা অ্যান্ড্রু সুরাবিয়ান এক্স-এ লিখেছেন, সিএনএন-এর এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছিল “একটি সমন্বিত বিদেশি প্রচারণা অভিযানের প্রমাণ।”
প্রশাসনের আরেকজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, “এটি জেডি-র বিরুদ্ধে একটি ইসরায়েলি অভিযান।”
সোমবার টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কড়া কথাবার্তা হয়। সেখানে তিনি ইরানের যুদ্ধ নিয়ে অতিমাত্রায় আশাবাদী ভবিষ্যদ্বাণী করার জন্য প্রধানমন্ত্রীকে তিরস্কার করেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর করা মন্তব্যের জন্য ভ্যান্স তাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন। ওই ফোনকলে ইরানের যুদ্ধ নিয়ে অতিমাত্রায় আশাবাদী ভবিষ্যদ্বাণী করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিরস্কার করেন ভ্যান্স।
নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, “যুদ্ধের আগে বিবি প্রেসিডেন্টের কাছে বিষয়টিকে খুব সহজ এবং শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাকে যতটা ছিল তার চেয়ে অনেক বেশি সহজ বলে তুলে ধরেছিলেন। তবে ভাইস প্রেসিডেন্ট তার কিছু মন্তব্য সম্পর্কে বেশ বাস্তববাদী ছিলেন।”
ফোনকলের পর হোয়াইট হাউসের কর্মকর্তারা সন্দেহ করতে শুরু করেন যে, ইসরায়েলি সরকারের কেউ কেউ ভ্যান্সকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
ফোনকলের পরের দিন রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান দাতা মিরিয়াম অ্যাডেলসনের মালিকানাধীন একটি ডানপন্থি ইসরায়েলি সংবাদপত্র জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার ইস্যুতে ভ্যান্স নেতানিয়াহুর সঙ্গে রাগারাগি করেছিলেন।
একাধিক মার্কিন ও ইসরায়েলি সূত্র জানায়, খবরটি ভুল ছিল এবং ভ্যান্সের উপদেষ্টারা সন্দেহ করেন যে এটি ইসরায়েলি পক্ষ থেকে ফাঁস করা হয়েছে।
ঢাকা/শাহেদ