খেলাধুলা

আফগান সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তামিম অবসর নেওয়ায় সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। আজ শুক্রবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানায়, আফগানিস্তানের বিপক্ষের ‘ওয়ালটন ওডিআই সিরিজ’-এর বাকি দুই ম্যাচের জন্য ব্যাটসম্যান লিটন কুমার দাসকে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার (০৮ জুলাই) অনুষ্ঠিত হবে। আর শেষটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই।

অবশ্য সিরিজ শুরুর আগে তামিম ইকবালের সহকারী করা হয়েছিল লিটনকে। তামিম অবসর নেওয়ায় এবার অধিনায়কের দায়িত্ব এসে বর্তালো তার কাঁধে।

এর আগেও অবশ্য তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড রানে জয় পায় বাংলাদেশ।