হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ছড়িয়ে পড়া ডিজেল উদ্ধারে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে তারা নিজস্ব উদ্যোগে ড্রাম ও প্লাস্টিকের বোতলে এক হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হবিগঞ্জ ৫৫ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ তথ্য জানান।
বিজিবি ও রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা ডিজেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তেল অপচয় রোধে উদ্ধার কার্যক্রম শুরু করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “লাইনচ্যুত হওয়া বগিগুলোর মধ্যে দুটি বগি সোজা করার কাজ চলছে। একটি বগি পানিতে পড়ে আছে। সেটি উদ্ধার করতে সময় লাগবে।”
তিনি বলেন, “রেল কর্তৃপক্ষ দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ করছে। রাত থেকেই ঘটনাস্থলেই বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবির সদস্যরা বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। যোগাযোগ ব্যবস্থা পুনরায় ঠিক না হওয়া পর্যন্ত বিজিবি আইনশৃঙ্খলা রক্ষা এবং উদ্ধার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে।”
বিজিবির এই কর্মকর্তা বলেন, “বিজিবি সদস্যরা নিজস্ব প্লাস্টিকের বেতল ও ড্রামে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে।”