সারা বাংলা

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ৪৮ শিশুর মৃত্যু হলো।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‍“মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ৬ বছর। তার বাড়ি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায়। তাকে গত ৩ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি মস্তিষ্কের ঝিল্লির মারাত্মক প্রদাহ ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৭ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১১২ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ১৯৬০ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮০০ শিশু।