বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন কর্মকার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পূর্বে জারি করা সমনের পরও নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় বিচারক এই সিদ্ধান্ত নেন।
এর আগে, গত ২ এপ্রিল সকালে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
মামলার বাদী হুমায়ুন কবির বলেন, “একজন দায়িত্বশীল মন্ত্রীকে এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
তিনি জানান, দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই বক্তব্যের পর কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা দায়ের হয়েছে।