মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয় কেন সাদা-কালো রঙের পোশাক পরছেন?
বিজয়ের সাদা-কালো রঙের পোশাক নিয়ে জোর চর্চা চলছে
রুপালি পর্দা থেকে জনমানুষের নায়কে পরিণত হয়েছেন তামিল সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রাজ্যের কাজে মনোনিবেশ করেছেন।
কালো-সাদা রঙের স্যুটে পরে শপথগ্রহণ করেন থালাপাতি বিজয়। তারপর সরকারি বৈঠক, জনসভা কিংবা প্রশাসনিক অনুষ্ঠানে একই রঙের পোশাকে দেখা যায় তাকে। ফলে প্রশ্ন উঠেছে, একই রঙের পোশাক কেন পরছেন বিজয়? তার পোশাক নিয়ে জোর চর্চা চলছে! অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন এই তারকা।
সোমবার (১ জুন) তিরুচিরাপল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বড় কোনো জনসভায় বক্তব্য রাখেন বিজয়। এ মঞ্চে দাঁড়িয়ে সাদা-কালো রঙের পোশাক পরার কারণ ব্যাখ্যা করেন তিনি।
জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে থালাপাতি বিজয় বলেন, “আমি যে নতুন স্যুট পরছি, ইদানীং এটা নিয়ে অনেকে কথা বলছেন। আমরা কি কোট-স্যুট পরতে পারব না? এগুলো কি শুধু ক্ষমতাবান মানুষের জন্য? আসলে এমন কোনো কথা বা নিয়ম নেই। আমি নানা রঙের পোশাক পরছি না। শুধু কালো আর সাদা; যা আমাদের হৃদয়ের মতোই।”
সাদা-কালো রঙের পোশাক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে থালাপাতি বিজয় বলেন, “একটি বার্তা দেওয়ার জন্য এই দুটো রং বেছে নিয়েছি। আমি সবকিছুতে স্বচ্ছ ও সরল থাকব, ঠিক কালো-সাদার মতো। আমি এমন মানুষ নই যে, দীর্ঘ ব্যাখ্যা দিই বা অযথা বেশি কথা বলি। মানুষ জানেন, বেশিরভাগ সভায় আমি সাধারণত ২০ মিনিটেরও কম সময় কথা বলি।”
থালাপাতি বিজয়ের এই বক্তব্য শেষ হওয়ার পরপরই সমাবেশে উপস্থিত জনতা করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
রুপালি পর্দায় বীরোচিত ভূমিকায় ক্ষমতাবানদের দম্ভ এতদিন চূর্ণ করেছেন বিজয়। তবে আর ঝাঁ চকচকে রুপালি পর্দায় আটকে নেই; বরং রাজনীতির ময়দানে নেমে রীতিমতো ঝাঁকুনি দিয়েছেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কোঝাগম (টিভিকে) ১০৮টি আসনে জয় পেয়েছে। ফলে তামিলনাড়ুর রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। রুপালি পর্দার মতো রাজনীতির মাঠে চমকপ্রদ ফল বিজয়কে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে।
*নিউজ১৮ অবলম্বনে
ঢাকা/শান্ত
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ