ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খান জাহান আলী দীঘিতে কুমিরের টানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২ জুন ২০২৬   আপডেট: ০৮:৫৮, ২ জুন ২০২৬
খান জাহান আলী দীঘিতে কুমিরের টানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) ভোরে মাজারের মহিলা ঘাটের পাশ থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশের নারী ঘাটে গোসল করতে নামে ফাতেমা। এসময় তাকে কুমির টেনে নিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা নৌকা দীঘিতে নামিয়ে ফাতেমাকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন।

মাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাতেমা মাজার এলাকায় ভবঘুরে হিসেবে বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। তার পরিবারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঘাটে অনেক মানুষ উপস্থিত ছিলেন। গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যেই কুমিরটি শিশুটিকে টেনে নিয়ে যায়। ভুক্তভোগী শিশু এবং উপস্থিত লোকজনের চিৎকার শোনা গেলেও কুমিরের ভয়ে কেউ পানিতে নামার সাহস করেননি।

ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, “মরদেহের কয়েকটি স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।”

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিশুটির দাফনসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/আমিনুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়