ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহতদের দেখতে উপবন এক্সপ্রেসেই গেলেন দুই মন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহতদের দেখতে উপবন এক্সপ্রেসেই গেলেন দুই মন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে সেই উপবন এক্সপ্রেসে করেই সিলেটে গেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিলেটে পৌঁছে বুধবার সকাল সোয়া ১০টায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে যান দুই মন্ত্রী।

এ সময় সেখানে রেলমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। আহতদেরকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

হাসপাতালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, রেল দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্ত রিপোর্ট পাব বলে আশা করছি। তদন্তে কারো দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, অতিরিক্ত যাত্রী সবসময়ই ঝুঁকিপূর্ণ। সেটা লঞ্চ, বাস আর রেলেই হোক না কেন। কুলাউড়ায়ও অতিরিক্ত যাত্রীর জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা এখানে এসেছেন। প্রয়োজন হলে হতাহতদের আরো সহায়তা প্রদান করা হবে। তদন্তে কারো গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না।

এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বনশাইল নামক স্থানে বড়ছড়া সেতু ভেঙে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের একটি বগি খাদে পড়ে যায়। এছাড়া, দুটি বগি পাশের জমিতে পড়ে। তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চারজন নিহত ও প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন।


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়