ইরফানের মৃত্যুতে ‘খান ত্রয়ী’র শোক
ভারতীয় অভিনেতা ইরফান খান। ছোট কিংবা বড় পর্দা— সবখানেই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। প্রতিভা দিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। বলিউডের পাশাপাশি হলিউড সিনেমাতেও অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। বাংলাদেশের ডুব সিনেমাতেও দেখা গেছে তাকে।
বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান খান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বলিউড তারকারা। প্রিয় তারকাকে হারিয়ে বেদনাহত তার ভক্তরা।
বলিউডের ‘খান ত্রয়ী’ হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির খানও ইরফানের মৃত্যুতে শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক প্রকাশ করেছেন তারা।
ইরফানের সঙ্গে বিল্লু সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ। মাত্র একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও পর্দার বাইরে তাদের সম্পর্কটা ছিল মজবুত। এই অভিনেতার প্রতি শোক জ্ঞাপন করে শাহরুখ লিখেছেন, ‘আমার বন্ধু… অনুপ্রেরণা এবং আমাদের সময়ের সবচেয়ে বড় অভিনেতা। আল্লাহ তোমার আত্মাকে শান্তি দান করুন ইরফান ভাই। শান্তি কামনা করি। সারা জীবন তোমাকে মনে পড়বে কারণ তুমি আমাদের জীবনের অংশ ছিলে।’
এই অভিনেতার মৃত্যু সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি বলে মনে করেন সালমান খান। তিনি লিখেছেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রি, ভক্ত বিশেষ করে তার পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। শান্তিতে থাকো ভাই, সব সময় তোমাকে মনে পড়বে এবং আমাদের সবার হৃদয়ে থাকবে।’
পিকু সিনেমাখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত তারকা আমির খান লিখেছেন, ‘আমাদের সহকর্মী ইরফানের খবরটি শুনে কষ্ট লাগছে। খুবই মর্মান্তিক ও দুঃখজনক। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তোমার কাজের মাধ্যমে আমাদের যে আনন্দ দিয়েছো তার জন্য ধন্যবাদ ইরফান। তুমি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। ভালোবাসা।’
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম