ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘সেরা পুত্রবধূ’ সম্মাননা পেলেন ১২ জন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৪ জানুয়ারি ২০২৫  
‘সেরা পুত্রবধূ’ সম্মাননা পেলেন ১২ জন

পারিবারিক বন্ধন আরো দৃঢ় করতে ‌‘সেরা পুত্রবধূ’ সম্মাননার ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি মাদারীপুর’

মাদারীপুরের ১২ নারীকে ‘সেরা পুত্রবধূ’ সম্মাননা দেওয়া হয়েছে। ‘পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ির ঐকান্তিক অনবদ্য ও চিরায়ত সম্পর্কের বন্ধনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যতিক্রমী এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি মাদারীপুর’। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমির হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সম্মাননা পেয়ে আনন্দিত পুত্রবধূরা। আয়োজকরা জানিয়েছেন, সমাজে পারিবারিক বন্ধন আরো দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে।

সেরা পুত্রবধূ হিসেবে সম্মাননা পেয়েছেন— সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মোসা. মরিয়ম অহিদ, রাবেয়া আক্তার মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, সামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া (হাসি), ফারজানা, আছমা খাতুন, সাবিকুন্নাহার আক্তার এবং লাবণী আক্তার আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, আবৃত্তি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। সভাপতিত্ব করেন ‘পাশে আছি মাদারীপুর’-এর প্রতিষ্ঠাতা পরিচালক বায়জীদ মিয়া।

বায়জীদ মিয়া বলেছেন, “আমাদের সমাজে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী যে একান্নবর্তী পরিবার, তা ধরে রাখতেই এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়েছে। যাচাই-বাছাই কমিটি মাদারীপুরের ২৩ জন পুত্রবধূর মধ্যে থেকে সেরা ১২ জনকে মনোনীত করেছে। আজকে অনুষ্ঠানে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা দেওয়া হয়েছে।” 

সেরা পুত্রবধূ সম্মাননা পাওয়া সুলতানা রাজিয়া (হাসি) বলেছেন, “এই সম্মাননা পেয়ে আনন্দিত আমরা। আগামীতে আমরা শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার প্রতি আরো যত্নবান হব। এই সম্মাননা দেখে অন্য পুত্রবধূরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করছি।” 

স্বেচ্ছাসেক আরিফুর রহমান সুমন বলেন, “মাদারীপুরে এই সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা পেতে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন। এই ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানাই।”

ঢাকা/বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়